শিরোনাম

রাজবাড়ী, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় প্রযুক্তির সহায়তায় সংগঠিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক মাল্টি-স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) আয়োজনে আজ বুধবার সকালে রাজবাড়ী পান্না চত্তরের রাজবাড়ীর কনভেনশন সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সংলাপে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সহিংসতা মোকাবেলায় করণীয়, প্রতিরোধ কৌশল এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, জেলা বিএনপির নেতা গাজী আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমির হোসেন, সাবেক মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনএনআরসির প্রতিনিধি বজলুর রহমান এবং রাজবাড়ীর দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর সহিংসতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিতকরণ, এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করা। বিশেষ করে নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা (ঞঋএইঠ) প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।
এ সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপের মাধ্যমে প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী হবে।