শিরোনাম

রাজশাহী, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন বহরে আরও দুটি নতুন বাস যুক্ত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন। রাবির চলতি অর্থবছরের বাজেট থেকে প্রতিটি ৪২ আসনবিশিষ্ট এই বাস দুটিসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৬টি।
বাস দুটি উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহন প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাস উদ্বোধনের পর প্রসঙ্গক্রমে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য আধুনিক সুবিধা সংবলিত দুটি অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।