বাসস
  ০৪ মার্চ ২০২৬, ১৫:০৬

জিয়ার নামেই পুনর্বহাল জিয়ানগর উপজেলা: বিএনপির আনন্দ মিছিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ইন্দুরকানী উপজেলার নাম পুনর্বহাল হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় জিয়ানগরে আনন্দ মিছিল হয়েছে। ছবি: বাসস

পিরোজপুর, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : অবশেষে জেলার ইন্দুরকানীর নাম পরিবর্তন করে পূর্বের ন্যায় জিয়ানগর উপজেলা হিসেবে নামকরণ করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে উপজেলাটির নাম পুনর্বহাল হওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জিয়ানগরে আনন্দ মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে দলের নেতাকর্মী ও  স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

২০০২ সালের ১৭ এপ্রিল বেগম খালেদা জিয়ার জোট সরকারের আমলে জেলার ইন্দুরকানী থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করে এর নামকরণ করা হয়েছিল জিয়ানগর উপজেলা। 

কিন্তু পরবর্তীতে বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি জিয়ানগর বাদ দিয়ে এর নাম ইন্দুরকানী উপজেলা হিসেবে ঘোষণা করে। তখন এই নাম পরিবর্তন নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবি উঠে। তখন স্থানীয়ভাবে গণস্বাক্ষর সংগ্রহ করে পিরোজপুর  জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এ প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।

নাম পরিবর্তনের বিষয়ে জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ  বলেন, জিয়াউর রহমানের নামের প্রতি ঈর্ষা কাতর হয়ে ফ্যাসিস্ট হাসিনা জিয়ানগরের নাম পরিবর্তন করেছিল। 

হাসিনার পতনের পরে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠাই। তারই ফলশ্রুতিতে আজকে আমরা জিয়ানগর নামটি ফেরত পেয়েছি। এ জন্য প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে জিয়ানগরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।