বাসস
  ০৩ মার্চ ২০২৬, ২০:০১

বাগেরহাটে আগুনে ৮ দোকান ভস্মীভূত

ছবি : বাসস

বাগেরহাট, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কচুয়ার ছোট আন্ধারমানিক বটতলার ছোট্ট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আন্ধারমানিক, চরসোনাকুর, সোনাকুড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত আনুমানিক ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে সাইকেল, মোটর সাইকেল গ্যারেজ, টেইলার্স ও মুদি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মিজান শেখ (৫০), প্রশান্ত মৃধা (৪৫), বাদশা সেখ (৪০), সিরাজুল শেখ (২৬), কাইউম ব্যাপারী (৫০), আলামীন ব্যাপারী (৪৫), আলামীন শেখ (৩৫), আশিস মৃধা (৪৫)।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়া কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কচুয়া থানার ওসি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অনেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।