শিরোনাম

নীলফামারী, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় রং মিশিয়ে সেমাই তৈরি করার দায়ে তিন কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকার সেমাই কারখানায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম ও র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের রসনি সেমাই কারখানা, তাজ ফুড পোডাক্টস সেমাই কারখানা ও নাজ ফুড পোডাক্টস কারখানায় দীর্ঘদিন ধরে রং মেশিয়ে সেমাই তৈরি করা হচ্ছিল। এ কাজে তারা ক্ষতিকর রংয়ের কৃত্রিম ফ্লেবার ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে ঘিরে কারখানাগুলোতে অনুমোদনহীন রং ও ফ্লেবার ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। আজ অভিযান চালিয়ে তিন কারখানাকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।