বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৮

ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : ভোলায় তারুণ্যের উৎসব ২০২৬ শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

আজ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ০৭ নং চরফেনুয়া এলাকায় "তারুণ্যের উৎসব ২০২৬" শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইনে তিন শতাধিক অসহায়, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও, মাদক ও মানব পাচার রোধ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা, নিপা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, কিশোর-তরুণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।