বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৪৪

নগরীর উন্নয়নে বাস্তবায়িত হবে ৬০ সড়ক প্রকল্প : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার ৮ নং শুলকবহর ওয়ার্ড ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নে শিগগিরই আরও ৬০টি সড়ক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্প সম্পন্ন হলে নগরীর দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ৮ নং শুলকবহর ওয়ার্ড ও ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন। 

তিনি জানান, ইতোমধ্যে ৬০টি সড়ক প্রকল্পে ৪২টি সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কার্যাদেশ প্রদানের অপেক্ষায় রয়েছে এবং আরও ১৮টি সড়কের টেন্ডার প্রক্রিয়া চলমান। 

মেয়র ডা. শাহাদাত বলেন, গত ১৬ মাসে দায়িত্ব পালনকালে আমি চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গঠনের চেষ্টা করেছি। বর্তমানে বড় বড় সড়কের উন্নয়ন কাজ চলমান এবং ৬০টি সড়ক প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম নগরীতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

তিনি সতর্ক করে বলেন, কেউ অবৈধভাবে সড়ক দখল করলে তা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাত ও রাস্তা উন্মুক্ত রাখতে হবে। সান্ধ্যকালীন মার্কেটসহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ দেওয়া হলেও জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ বলেন, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজে জনগণের সহযোগিতা চাই। আমরা কোন অবস্থাতে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে প্রশ্রয় দিই না। সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক না আমরা জবাব দেবো। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ হয়েছে। আমরাও সজাগ রয়েছি। আমরা চাই জনগণ স্বস্তিতে থাকুক। 

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন, মহানগর বিএনপির সদস্য ফয়েজ আহমেদ, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া ও বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।