বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৮:৩৬

বরগুনায় রিং বেড়িবাঁধ উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ

ছবি : বাসস

বরগুনা, ৩ মার্চ, ২০২৬ (বাসস): বরগুনায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে খাকদোন নদীর তীরে রিং বেড়িবাঁধের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় ৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের দীর্ঘ রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

জানা গেছে, এ রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২৪০টি পরিবার জোয়ার ও প্লাবন থেকে রক্ষা পাবে।

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জেলা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। জাগো নারী বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে। 

প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুণনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত ও বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।