শিরোনাম

দিনাজপুর, ৩ মার্চ, ২০২৬ (বাসস): আত্রাই নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজ পুনরায় শুরু হবে। এ লক্ষ্যে নবনির্বাচিত হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি ব্রীজ নির্মাণ স্থান পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ মো. আখতারুজ্জামান মিয়া তার নির্বাচনী এলাকায় আত্রাই নদীর উপর ব্রীজের কাজ বন্ধ হয়ে থাকায় এ স্থান পরিদর্শন করেছেন, এবং ব্রীজ নির্মাণ কাজ পুনরায় চালু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণসহ এলজিইডি বিভাগকে সহযোগিতা করবেন বলে উপস্থিত এলাকাবাসীদের আশ্বস্ত করেন।
নবনির্বাচিত হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেন, ভিয়াইল ও পুনট্টি ইউনিয়নের সংযোগস্থল আত্রাই নদীতে একটি সেতু নির্মাণ করা জনগণের দীর্ঘদিনের দাবি। বিগত আমলে ব্রীজটি নির্মাণ কাজ শুরু হলেও বর্তমানে ঠিকাদার নির্মাণ কাজ বন্ধ রেখেছে। এখন এই বন্ধ হয়ে থাকা আত্রাই নদীর উপর অসমাপ্ত ব্রিজের কাজ খুব শীঘ্র চালু করতে তিনি এলজিইডি বিভাগকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
এলজিইডি দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান জানান, গত ২০১৭ সালের অক্টোবর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ১৭৫ মিটার আরসিসি গার্ডার সেতুটি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ শুরু করা হয়েছিল। ব্রিজটি নির্মাণে বরাদ্দ দেয়া হয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা। ঢাকার মেসার্স সুরমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের কাজটি পেয়েছিল। গত ২০১৯ সালের এপ্রিল মাসে কাজটি সম্পন্ন করার জন্য সময়সীমা নির্ধারিত ছিল।