শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে দু’টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বরগুনার পাথরঘাটা থানার বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশন। অভিযানে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে দু’টি জবাইকৃত হরিণ, ২৭৫ মিটার হরিণ শিকারের ফাঁদ ও বোটসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত হরিণ শিকারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।