বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৬:৪১

জয়পুরহাটে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

জয়পুরহাট, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ এবং যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সেমিনারটি জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সেমিনারে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ইসলামে যাকাত কেবল একটি দান নয় বরং এটি ইসলামের পাঁচটি মূল স্তম্ভেও অন্যতম। এর গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর। যাকাত প্রদানের মাধ্যমে দাতার অবশিষ্ট সম্পদ যেমন পবিত্র হয়, তেমনি আল্লাহ তাআলা সেই সম্পদে বরকত দান করেন। 

মসজিদের খতিব, ঈমাম, ব্যবসায়ীদের সরকারি কোষাগারে যাকাত প্রদানের জন্য জনগণকে উৎসাহিত করার আহবান জানান। এই যাকাতের টাকা জেলায় দুস্থ এতিমদের মধ্যে বন্টণ করা হবে বলে জানান জেলা প্রশাসক।
সেমিনারে উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সকল মসজিদের ঈমাম, সুধীজন ও ব্যবসায়ীবৃন্দ। 

পাঁচবিবি মডেল মসজিদের ঈমাম বোরহান উদ্দিন দেশের শান্তি ও মঙ্গল কামনা করে  মোনাজাত পরিচালনা করেন। এ সময় বক্তব্য দেন ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক সাজেদুর রহমান, প্রধান আলোচক জেলা মডেল মসজিদের ইমাম মো. মুহসিন, জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল কালাম মো. শরফউদ্দিন, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।

বক্তরা বলেন, যাকাত সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা সৃষ্টি করে। যখন একজন ধনী ব্যক্তি তার সম্পদের একটি অংশ দরিদ্রকে প্রদান করেন, তখন তাদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়। এটি সামাজিক হিংসা-বিদ্বেষ ও অপরাধ প্রবণতা কমাতে সাহায্য করে। যাকাত প্রদানের মাধ্যমে মানুষের মন থেকে সম্পদের মোহ এবং কৃপণতা দূর হয়। এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ত্যাগের মানসিকতা গড়ে তোলে।