বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৬:২৬

রাজশাহীতে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার

ছবি : বাসস

রাজশাহী, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মাদ্রাসা পড়ুয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গতকাল সোমবার (২ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো, রিফাত ইসলাম (১৪) ও মো. আকাশ আহমেদ (১৪)। 

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে মতিহার থানার ভাল্লুকপুকুর এলাকা থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

জিডির সূত্র ধরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত দুই কিশোরকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।