বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৬:২৬

নেত্রকোণায় বন্যপ্রাণী রক্ষায় সংলাপ অনুষ্ঠিত

ছবি : বাসস

নেত্রকোণা, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : ‘অনেক প্রাণের বৈচিত্র্য আছে বলেই পৃথিবী সুন্দর’—এ প্রতিপাদ্যে জেলায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা গ্রিন কোয়ালিশনের আয়োজনে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর সহযোগিতায় আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা যদি তাদের প্রাকৃতিক পরিবেশ ও খাদ্যশৃঙ্খল নষ্ট করে ফেলি, তবে এর প্রভাব সরাসরি আমাদের ওপর পড়বে। বন্যপ্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কেবল দাপ্তরিক কাজ নয়, বরং সামাজিকভাবে সকলকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, "বর্তমানে অনেক বন্যপ্রাণী বিলুপ্তির পথে। বিশেষ করে মেছোবাঘের মতো উপকারী প্রাণীদের বাঘ মনে করে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, যা পরিবেশের জন্য বড় ক্ষতি। এসব প্রাণীদের আবাস্থল বন-জঙ্গল উজাড় করে শিল্পায়ন করার ফলে তারা অস্তিত্ব সংকটে পড়েছে।"

তিনি আরও উল্লেখ করেন, একটি দেশের জন্য ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য হলেও আমাদের দেশে বনভূমির পরিমাণ অনেক কম। শিল্পায়নের প্রয়োজনে গাছপালা কাটা হলেও তার বিপরীতে পরিবেশ রক্ষায় আমাদের আরও যত্নবান হতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমাদের এ জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হবে।"
সংলাপে পরিবেশবিদ অহিদুর রহমানের লেখা প্রবন্ধ পাঠ করেন, সাংবাদিক মির্জা হৃদয় সাগর। প্রবন্ধে উল্লেখ করা হয়, এক সময় নেত্রকোনার গারোপাহাড় ও আশপাশের অঞ্চলে বাঘ, চিত্রা ও মায়া হরিণ, মেঘলা চিতা, নীলগাই, বন্য হাতি, লজ্জাবতী বানর, চশমাপড়া বানর, বনরুই এবং অজগরসহ অসংখ্য বন্যপ্রাণীর বিচরণ ছিল। কিন্তু বর্তমানে এসব প্রাণীর দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ব্যাপক নিধনের ফলে চিরচেনা ঘুঘুর ডাকও এখন আর তেমন শোনা যায় না।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন এবং বন কর্মকর্তা জসীম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বন্যপ্রাণী সংরক্ষণে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং বন ও জলাভূমি রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, কাইলাটি ইউপি চেয়ারম্যান নাজমুল হক, শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নাজমুল করীর সরকার, গ্রিন কোয়ালিশন কমিটির সহ-সভাপতি সাংবাদিক আলপনা বেগম, সাংবাদিক তানভীর হায়াত খান এবং সেভ দ্য অ্যানিমেলস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল।

অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন কর্মী, কৃষক, শিক্ষক, লেখক, গবেষক এবং যুব ও কিশোরী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা জলজ ও বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র সুরক্ষায় স্থানীয় জনপদকে সম্পৃক্ত করার আহ্বান জানান।