বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৪:০৩

কুমিল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ । ছবি : বাসস

কুমিল্লা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার চৌদ্দগ্রাম উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আসলাম মিয়া (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‌্যাব-১১)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম মডেল থানার সাতঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি মো. আসলাম মিয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, তিনি একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি সাজা এড়াতে আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা কার্যকরের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।