শিরোনাম

খুলনা, ২ মার্চ, ২০২৬ (বাসস): খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতির সময় ও মোবাইল নম্বর জনসাধারণের জন্য প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।
সাধারণ মানুষ যাতে সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে, এজন্য এসব তথ্য নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। আজ বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
একইসাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়কসমূহে পর্যাপ্ত সড়ক বাতি আছে কি না, নির্ধারিত সময়ে সড়ক বাতি জ্বালানো ও বন্ধ করা হচ্ছে কি-না, স্পর্শকাতর স্থানসমূহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করা হচ্ছে কি-না, দীর্ঘদিন সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের জন্য সময় বেধে দেয়া ও ক্রয়-বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেসিসি প্রশাসক নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খানজাহান আলী রোডের দক্ষিণ পাশের^র ড্রেন নির্মাণ কাজ, পিটিআই মোড়স্থ কালভার্ট নির্মাণ কাজ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অ্যাকাডেমিক ভবনের সংস্কার কাজ, রূপসা ঘাটস্থ পাম্প হাউজ নির্মাণের স্থান, ২ নং কাস্টম ঘাটস্থ নির্মাণাধীন স্লুইস গেটের নির্মাণ কাজসহ রয়্যাল চত্বরের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খানসহ উপসহকারী প্রকৌশলীগণ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে প্রশাসক নগর ভবনে প্রবেশ করে সব বিভাগ ও শাখাসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
বিকাল ৪টা, তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়ার সুমন গলিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।