বাসস
  ০২ মার্চ ২০২৬, ২১:২৪

গোপালগঞ্জের উন্নয়নে কার্পণ্য করব না: এস এম জিলানী

ছবি: বাসস

গোপালগঞ্জ, ২ মার্চ, ২০২৬ (বাসস): গোপালগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। 

আজ সোমবার দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশেরই একটি জেলা। দেশের অন্য জেলার মতো এখানকার বাসিন্দারা সব ধরনের নাগরিক সুবিধা ভোগ করবেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায়ও কোনো বৈষম্য থাকবে না। অন্য উপজেলার থেকে এখানে উন্নয়ন কর্মকাণ্ড কম থাকবে না, অনেকাংশে বেশি হবে।’

তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। তার মধ্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়াও বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো উপজেলা নয়। আপনাদের ভাববার কোনো কারণ ও মনে কোনো শঙ্কা আনার দরকার নেই। এখানে সঠিক ভাবে কাজ হবে কিনা। এলাকার চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে সহযোগিতা করেন কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে এই টুঙ্গিপাড়া-কোটালীপাড়াকে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত গড়ে তুলতে কাজ করে যাব।’

এর আগে তিনি উপজেলা চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।