বাসস
  ০২ মার্চ ২০২৬, ২০:৫০

সংখ্যালঘু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

সংখ্যালঘু সম্প্রদায়, সশস্ত্র বাহিনী এবং প্রতিবন্ধীসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা আগামী ২৫ মার্চের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন জমা দিতে পারবে।

অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব খাতভুক্ত এই উপবৃত্তি মূলত সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি (হিন্দু), বৌদ্ধ, খ্রিষ্টান. সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক, প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত) এবং উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৫ মার্চের মধ্যে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় প্রমাণকসহ জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির জন্য ‘ফরম নং-১’ এবং একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণির জন্য ‘ফরম নং-২’ ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক বা উপ-পরিচালকের কার্যালয়ে পাঠাবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা কার্যালয়ে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। কোনো শিক্ষার্থী বা প্রতিষ্ঠান সরাসরি প্রধান কার্যালয়ে আবেদন পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফরম মাউশির অফিসিয়াল ওয়েবসাইট (www.dshe.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।