বাসস
  ০২ মার্চ ২০২৬, ২০:৩০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা, ২ মার্চ, ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বাঁকাল চেকপোষ্ট, তলুইগাছা, কুশখালি, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চাঁন্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্ট-এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর নামক স্থান হতে ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল বরই বাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 

এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল তালশারি কুলবাগান নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনমানিক পাঁচলাখ ৯৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।