শিরোনাম

নীলফামারী, ২ মার্চ, ২০২৬ (বাসস): জেলার ডোমার উপজেলায় আজ খাদ্য উপকরণের গুণগত মান না থাকা, খাদ্যে নিষিদ্ধ কেমিকাল হাইড্রোজ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও সংরক্ষণ এবং খাবার লবন ব্যবহার না করে শিল্প লবন ব্যবহার করায় সন্তোষী মুড়ি মিলস নামের একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুুপুরে ডোমার উপজেলা সদরের ছোট রাউতা এলাকায় অবস্থিত মুড়ির মিলে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, অভিযানকালে খাদ্য উপকরণের গুণগত মান না থাকা, খাদ্যে নিষিদ্ধ কেমিকাল হাইড্রোজ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও সংরক্ষণ এবং খাবার লবন ব্যবহার না করে শিল্প লবন ব্যবহার করায় এই জরিমানা করা হয়। তাৎক্ষনিকভাবে ওই প্রতিষ্ঠানের মালিক স্বপন চ্যাটার্জি জরিমানার টাকা পরিশোধ করেন।
তিনি আরও জানান, অভিযানকালে পাঁচকেজি হাইড্রোজ ও একহাজার ২৫০ কেজি শিল্প লবন জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।