বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৯:৫৫

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার

কুমিল্লা, ২ মাচর্, ২০২৬ (বাসস): জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও বাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-১০ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। 

মীর আলী জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির লক্ষ্মীপুর পোস্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ‘কিং কোবরা’ ব্র্যান্ডের বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের  বাজারমূল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।