বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৯:৩৪

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

‎বরিশাল, ২ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। ‎আজ সোমবার বিকেলে উপজেলার নতুনহাট কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজন মো. শহিদুল ইসলাম (৪৮)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের হাসান হাওলাদারের পুত্র। অন্য নারী তার চাচি বলে ধারণা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বরিশালগামী যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চার জন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি চালক এবং ওই পরিবারের অন্য দুই সদস্য আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পাশাপাশি এ বিষয় তদন্ত চলছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের মাধ্যমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহত দুইজনকে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।