বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:৪৪

২৬ জুনের মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা

ছবি : বাসস

শরীয়তপুর, ২ মার্চ ২০২৬ (বাসস): ২৬ জুন ২০২৬ এর মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. সফিকুর রহমান কিরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

সভায় আগামী ২৬ জুনের মধ্যে শরীয়তপুর জেলাকে মাদকমুক্ত জেলা ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। রমজানের পরপরই এ কাজের উদ্বোধন করা হবে।

সভায় জানানো হয়, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত কমিটি করে সব শ্রেণি পেশার মানুষকে এ কমিটির অন্তর্ভুক্ত করা হবে। এতে শরীয়তপুর জেলায় নবনির্বাচিত ৩ জন সংসদ সদস্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। এ কাজ সহজে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে শরীয়তপুর শহরের ১৪ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এ কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইব্রেরি প্রতিষ্ঠা, গ্রামীণ মেলাসহ অন্যান্য বিনোদনমূলক কার্যক্রমের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে মাদকাসক্তদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে এবং মাদক ব্যবহার রোধ করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রয়োজনে আইন সংশোধন করে মাদক সংশ্লিষ্টদের সাজার মেয়াদ বৃদ্ধি করার কথা বলা হয়।

সভায় অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।