শিরোনাম

ঝালকাঠি, ২ মার্চ ২০২৬ (বাসস): পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, খালগুলো সচল না থাকলে জলাবদ্ধতা, কৃষির ক্ষতি ও পরিবেশগত ভারসাম্যহীনতা বাড়তেই থাকবে। তাই পর্যায়ক্রমে জরিপ করে প্রয়োজনীয় খাল খননের উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন তিনি।
সভায় জেলার বিভিন্ন উপজেলার খালগুলো পুনঃখননের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনে খাল খনন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল পুনরুদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং সহকারী কমিশনার স্বর্ণা সুলতানা জেনীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।