বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:৪১

মেহেরপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর, ২ মার্চ ২০২৬ (বাসস): জেলার মুজিবনগর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার পাঁচশ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় আলিফ বস্তা ট্রেডার্স অ্যান্ড চাউল ভান্ডারকে পাঁচশ’ টাকা, কালাম স্টোরকে  পাঁচশ’ টাকা এবং জোয়ার্দ্দার স্টোরকে পাঁচশ’ টাকা, কসমেটিকসে মূল্য উল্লেখ না থাকা এবং লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করায় তাসিন কসমেটিকস অ্যান্ড গিফট কর্নারকে ৩০ হাজার টাকা এবং খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহার করায় মিজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।