বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:৪০

নরসিংদীতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ছবি: বাসস

নরসিংদী, ২ মার্চ, ২০২৬ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ সোমবার দুপুরে জেলার বিভিন্ন বয়সী প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে । নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার দেড়শত প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের মধ্যে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল- তেল, সেমাই, দুধ, চিনি, পোলাও চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ৯ প্রকারের খাদ্য সামগ্রী। 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এসময় বক্তব্যে প্রধান অতিথি ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, একটি পরিবারে একজন প্রতিবন্ধী সদস্য থাকলে সেই পরিবারের কষ্ট ও সংগ্রাম কেবল বাবা-মা ও স্বজনরাই সত্যিকার অর্থে অনুভব করতে পারেন। 

তিনি জানান, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী বাবা-মায়ের অনুপস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ আশ্রয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশেষায়িত ইনস্টিটিউট গড়ে তোলা হবে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে সবার ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।

সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘদিন ধরে একটি অগণতান্ত্রিক ও মাফিয়াচক্রভিত্তিক সরকার ক্ষমতায় ছিল, যারা নির্যাতিত ও নিপীড়িত প্রতিবন্ধী মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা দেখায়নি; লুটপাট ও দুর্নীতিই ছিল তাদের মূল উদ্দেশ্য। 

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে এবং পর্যায়ক্রমে দেশের সব দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।