বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৭:০০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মুন্সীগঞ্জ, ২ মার্চ ২০২৬ ( বাসস ): জেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক সাজেদ ( ১৯ ) নিহত হয়েছেন।

নিহত সাজেদ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার দারিকান্দি গ্রামের মো. মতিউর রহমানের পুত্র।

হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার সার্জেন্ট নাজমুল আলম জানান, আজ সকালে ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েরে উমপাড়া এলাকায় ঢাকামুখী লেনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙের সাথে ধাক্কা খেয়ে চালক সাজেদ ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে সাজেদের মৃত্যু হয়। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে। গুরুতর আহত অবস্থায় অন্য আরোহী মো. আদনান ( ২০ ) কে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সার্জেন্ট নাজমুল আলম জানান, মরদেহ নিহতের পরিবার নিজ গ্রামে নিয়ে গেছে।