বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৬:৫৮

লালমনিরহাটে ট্রাক চাপায় একব্যক্তি নিহত

প্রতীকী ছবি

লালমনিরহাট, ২ মার্চ ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ ট্রাক চাপায় ইসমত আরা বেগম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমতআরা বেগম জেলার কালীগঞ্জ উপজেলার মাদাতী ইউনিয়নের কাকজিটারি গ্রামের মো. মজমুল হকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইসমত আরা বেগম তার ছোট ভাইয়ের মোটরসাইকেলের চড়ে তুষভান্ডার বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইসমত আরা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।