শিরোনাম

লক্ষ্মীপুর, ২ মাচর্, ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বাস চাপায় রাকিব হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে সদর উপজেলায় লক্ষ্মীপুর-মজু চৌধুরীর হাট সড়কের আবুলের গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন জেলার সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মজু চৌধুরীর হাটের দিকে যাচ্ছিলো। একই সময়ে লক্ষ্মীপুর সদর-মজু চৌধুরীর হাট সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন রাকিব হোসেন। পথিমধ্যে আবুলের গোজা নামক স্থানে সাইট নিতে গিয়ে বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।