বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৪:৪১

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে আগুন 

ছবি: বাসস

সাতক্ষীরা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার তালায় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে রাতের আধারে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে বিএনপি’র ইউনিয়ন কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাটি ঘটে।

পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। আগুনে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফর কবির জানান, বিএনপি’র কার্যালয়ে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করেছে। এ ঘটনায় দ্রুত আইনত ব্যবস্থা নেয়া হবে।