শিরোনাম

চট্টগ্রাম, ১ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে ফ্রিজে তেলাপোকা, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণসহ অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য উৎপাদনের অনিয়ম ধরা পড়েছে। এসবের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়।
অভিযানে মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারির কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। স্যাঁতস্যাঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতর তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, বিড়ালের অবাধ চলাফেরা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো অনিয়ম ধরা পড়ে।
এছাড়া ঘি পণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অন্যদিকে, পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যপণ্যে অসম্পূর্ণ লেবেলিংয়ের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়ের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।