বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৯:০৮

বগুড়ায় মিছরি ও সেমাই কারখানাকে জরিমানা 

বগুড়া, ১ মার্চ, ২০২৬ (বাসস): জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মিছরি উৎপাদন এবং ফাংগাসযুক্ত দই সংরক্ষণের অভিযোগে একটি খাদ্যপণ্য কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার শেরপুর উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত ‘নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস’-এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কালিযুক্ত কাগজে সেমাই রাখা হচ্ছিল এবং সেমাই সংরক্ষণের খাঁচাগুলো ছিল ময়লা ও জীবাণুযুক্ত। ফ্রিজে ফাংগাসযুক্ত কাপ দই রাখা এবং নন-ফুড গ্রেড প্লাস্টিকে দই সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, রমজানকে সামনে রেখে খাদ্যপণ্যের মান নিশ্চিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় ছিল জেলা পুলিশের একটি দল।