শিরোনাম

সুলতান মাহমুদ
নড়াইল, ১ মার্চ, ২০২৬ (বাসস) ৈ: চলতি মৌসুমে জেলার তিনটি উপজেলায় মোট ৫০ হাজার ৩০৯ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন সম্পন্ন হয়েছে।
এ বছর জেলায় ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছড়িয়ে ১২ হেক্টর বেশি জমিতে বোরো’র চারা রোপণ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, এবার জেলায় মোট দুইলাখ ৩০হাজার ২০৮ টন বোরো ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, ইতোমধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ৩৪৬ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। এছাড়া লোহাগড়া উপজেলায় ১০ হাজার ৩৩৭ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১৬ হাজার ৬২৬ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। ধানের ফলন বৃদ্ধিতে হাইব্রীড ও উচ্চফলনশীল জাতের বোরো’র চারা রোপণ করা হয়েছে বলে তিনি জানান।
নড়াইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকারি প্রণোদনা বোরো চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি করেছে এবং এখনও পর্যন্ত কোনও সেচ সংকট নেই। কৃষি অফিসের পক্ষ থেকে বোরো চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ, মাঠ দিবস, উঠান বৈঠক, বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো সহজশর্তে কৃষকদের কৃষিঋণ প্রদান করেছে। কৃষকদের সব পতিত জমি চাষের আওতায় আনতে উৎসাহিত করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মওসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।