বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৯:০১

নেত্রকোণায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

ছবি : বাসস

নেত্রকোণা, ১ মার্চ ২০২৬ (বাসস): নেত্রকোণা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। 

তিনি আজ দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জিনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ (ওসি) শিবিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। 

এসময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা ও চাহিদাগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বারহাট্টার সামগ্রিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সহ-সভাপতি আরিফুল্লাহ সোহেল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ এবং বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।