শিরোনাম

খুলনা, ১ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের বড় সমস্যা হলো চিকিৎসা ব্যয়। বর্তমানে জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হলেও তা নিয়মিত বা কাঠামোবদ্ধ নয়। ফলে একবার সহায়তা পাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত পুনরায় সহযোগিতার সুযোগ থাকে না। এ অবস্থার পরিবর্তনে একটি স্থায়ী স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বোর্ড সভায় সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর নীতিগত অনুমোদন মিলেছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগীতায় ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ব্যবস্থাপনায় খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সাংবাদিকদের আর্থিক সহায়তা ও মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রথমে সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির পর নিবন্ধনের ভিত্তিতে হেলথ কার্ড দেওয়া হবে। এই কার্ডের আওতায় ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে ঢাকায় কার্যক্রম শুরু করে পরে বিভাগীয় ও জেলা শহর পর্যন্ত বিস্তৃত করা হবে।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সিনিয়র সদস্য মুনীর উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান যেমনটি সাংবাদিক বান্ধব ছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করে গেছেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতা রক্ষা করে সাংবাদিকদের অবাধ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ২০২৫ সাল থেকে সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা আজ খুলনা-সাতক্ষীরা জেলার জন্য প্রায় ৯ লাখ টাকার চেক বিতরণ করছি।