বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৬:৫৮

সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক

ছবি : বাসস

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে— এমন একটি তথ্য গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, রোববার রাত ৩টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী ও রোহিঙ্গা নাগরিকদেরকে মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। 

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।