শিরোনাম

ঠাকুরগাঁও, ১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভাসানী (২৮) কে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন আহসান হাবিব (৩৫) মারা যান।
নিহত ভাসানীর বাড়ি সদর উপজেলার সালন্দর শিংপাড়া এলাকায়। তিনি এনতাজ আলীর ছেলে। অপর নিহত আহসান হাবিব দিনাজপুর জেলার সেতাবগঞ্জের মেরাগাছী এলাকায় বসবাস করতেন। তিনি শফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুস সামাদ (৬২), পিতা মৃত কোরবান আলী, সালন্দর শিংপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর মোড় এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর মুখোমুখি ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুই নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেলাসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।