বাসস
  ০১ মার্চ ২০২৬, ০০:১৩

চট্টগ্রামে চুরি হওয়া গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার 

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে বাসার নিচের পার্কিং থেকে চুরি হওয়া ৪০ লাখ টাকা মূল্যের নিশান এক্সট্রেইল গাড়িসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার হওয়া মো. সাইমন (৩৬) নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাবুনগর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকার ফয়েজ আহমেদ লেইনে আব্দুল হক সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ভুক্তভোগী তার গাড়িটি বাসার নিচে পার্কিং করে রাখেন। পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে ভবনের দারোয়ান তাকে জানান, পার্কিংয়ে রাখা গাড়িটি আর সেখানে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। মামলার পরপরই ডবলমুরিং থানার আভিযানিক দল তদন্ত শুরু করে।

সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইমনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার চোর এবং পূর্বে একই থানায় একটি চুরির মামলায় বিচারাধীন ছিলেন। 

গ্রেফতার সাইমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ডিসি পার্ক এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চুরি হওয়া নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধার করে। 

ওসি জামাল উদ্দিন খান বলেন, ‘গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোর চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।’