বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা : চসিক মেয়র

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংই পারে এই নীরব ঘাতক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে।

আগামীকাল ১ মার্চ থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী পালিত হবে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস। চট্টগ্রাম মহানগরে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সিএসসিআর হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান—সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমির (পিজিএস একাডেমিয়া) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোর্শেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে মেয়র মাসব্যাপী পরিচালিত কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করেন।

মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোলোরেক্টাল ক্যান্সার শুরুতে তেমন লক্ষণ প্রকাশ না করায় অনেক ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। তাই চল্লিশোর্ধ নাগরিকদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা অত্যন্ত জরুরি।

তিনি নগরবাসীকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, আঁশযুক্ত খাবার গ্রহণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, একটি সুস্থ নগর গড়তে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, কোলোনোস্কপি ও অকাল্ট ব্লাড পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব হয়।

উদ্যোক্তারা জানান, সমঝোতা স্মারকের আওতায় সিএসসিআর-এর তৃতীয় তলায় মার্চ মাসব্যাপী প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চল্লিশোর্ধ্ব নাগরিকদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে।

ক্যান্সার শনাক্ত রোগীদের টিউমার বোর্ডের মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। স্ক্রিনিং কার্যক্রমের আওতাভুক্ত রোগীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে কোলোনোস্কপি, সিগময়ডোস্কপি ও অকাল্ট ব্লাড পরীক্ষার সুবিধা থাকবে। এছাড়া, মার্চ মাসব্যাপী মেয়রের সুপারিশপ্রাপ্ত অসচ্ছল রোগীদের প্রয়োজনীয় অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে। সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক দল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন।