শিরোনাম

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট শিকারীরটেক এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে।
নিহত মো. জাবেদ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজিপাড়া এলাকার মৃত রফিক আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী দ্রুতগতির একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে জাবেদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় জাবেদ।
ঘটনার পরপর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।