বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৪

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণেরবার সহ ১ চোরাকারবারি আটক 

জয়পুরহাট, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত  এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫ টি অবৈধ স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে   বিজিবি।

আটককৃত  মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। 
২০ বর্ডার গার্ড বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী  জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। 

তল্লাশির সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে স্কচ টেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণেরবার উদ্ধারসহ তাকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত মতিয়ার রহমান মিন্টুর বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।