বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬

সাতকানিয়ায় মধ্যরাতের অভিযানে মাটি কাটার ৭টি এস্কেভেটর বিকল

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৭টি এস্কেভেটর (খননযন্ত্র) বিকল করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি মালবাহী ডাম্পার (পিকআপ) ও একটি এস্কেভেটর জব্দ করা হয়।

আজ শনিবার সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার নয়াখাল ও কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার সামছুজ্জামান বলেন, ‘পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।’

জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় সাতকানিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।