বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

রংপুরে টিসিবি পণ্য উদ্ধার ও গ্রেফতার ১

ছবি : বাসস

রংপুর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য মজুত করা বিপুল পরিমাণে টিসিবির পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় টিসিবির ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন গোডাউন থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টিসিবির ডিলার রুবেল ইসলাম ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি না করে পরবর্তীতে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে পণ্য মজুত করে। 

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও টিসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর স্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউনে আজ দুপুরে অভিযান পরিচালনা করে। এসময় গোডাউন থেকে ১৫০ কেজি চিনি, ৭০ কেজি খেজুর, ১৬৩ লিটার সয়াবিন তেল, ৬১৩ কেজি মশুর ডাল এবং ১৫০ কেজি ছোলা উদ্ধার করা হয়। অভিযানের সময় টিসিবির পণ্য অবৈধভাবে মজুতের দায়ে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।  

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, অবৈধভাবে টিসিবির পণ্য মজুত করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।