বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় ওয়ালটনের শোরুম ম্যানেজার নিহত

লালমনিরহাট, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরয়ার বাজারের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রামে ওয়ালটন শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাটগ্রাম থেকে মোটরসাইকেলে বাউরা বাজারের দিকে বকেয়া কিস্তি আদায়ের কাজে রওনা হন পলাশ। পথে শিমুলতলা এলাকায় পৌঁছালে একটি পাথরবোঝাই ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) স্বপন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাক ও চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।