শিরোনাম

রাজবাড়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আজ ডায়বেটিস সচেতনতা দিবস। ‘ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশের মতো রাজবাড়ীতে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী ডায়াবেটিক সমিতি জেলা কার্যালয়ের উদ্যোগে কার্যালয়ের সামনে থেকে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস আজ সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই রোগ শুধু একজন ব্যক্তির নয়, এটি কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার ওপরও প্রভাব ফেলছে। ডায়াবেটিস হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু নিয়ম মেনে খাওয়া-দাওয়া ও চলাফেরা করলে আজীবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বক্তারা ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানস্থলে বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। কর্মসূচিতে চিকিৎসক, নার্স, ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াজিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডায়াবেটিক সমিতির রাজবাড়ী শাখার কার্যনির্বাহী সদস্য আলহাজ মো. দেলোয়ার হোসেন ও আবু দাইয়ান জাহাঙ্গীর, ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অপূর্ব রায়, হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ফারাহ দিল হাসমা ওরফে তৃষা এবং কোঅর্ডিনেটর মো. আইনদ্দিন শেখ।