শিরোনাম

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়। এ সময় চারটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য সাড়ে ৩ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
হালদা নদীর মাছুয়াঘোনা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নাপিতের ঘাট ও ধলই কাজী বাড়ি সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ জাল জব্দ করা হয়। এ সময় চারটি চরঘেরা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য সাড়ে ৩ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। তিনি বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।