শিরোনাম

রাজশাহী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাসমারী এলাকায় দিনমজুর গোলাম মোস্তফা (৫২) হত্যা মামলার পলাতক আসামি টিপুকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-৫। টিপু ডাসমারী এলাকার মো. সহির উদ্দিনের ছেলে।
আজ শনিবার র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত গোলাম মোস্তফা পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে ডাসমারী সরদার পাড়া জামে মসজিদে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তিনি। পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা ঘাতক হাফিজুল মোল্লা ও তার সহযোগীরা তাকে লক্ষ্য করে রাইফেল দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মতিহার থানায় তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে আসামিদের ধরতে অভিযানে নামে র্যাব।
অবশেষে শুক্রবার দিবাগত ২৮ তারিখ রাতে র্যাব-৫-এর একটি আভিযানিক দল চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নং আসামি টিপুকে গ্রেফতার করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত টিপু হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।