বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

সাতক্ষীরায় ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা 

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার আশাশুনি উপজেলায় আজ অনিয়মের দায়ে একটি ইটভাটাকে দুইলাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ভাটার ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় ট্রাকভর্তি তিনশ’ বস্তা টায়ারের গুড়া (কার্বন) জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটায় ইরামনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য গুঁড়া (টায়ারের গুড়া) আমদানি ও মওজুদ করার অভিযোগে ইরামনি ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় পরিবেশ ব্যবস্থাপনা আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (গ) ও ১৫ (১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে দুইলাখ টাকা অথর্দ্বন্ড, অনাদায়ে ভাটা ম্যানেজারকে তিনমাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়। ইটভাটা থেকে এসময় পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় ৩০০ বস্তা কার্বন (টায়ারের গুড়া) বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-০৭২২) জব্দ করা হয়। 

এ সময় বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) আব্দুর রহিমসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।