শিরোনাম

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক অনিক বড়ুয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার দুপুর একটার দিকে লোহাগাড়ার আধুনগর বাসস্টেশনের উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক বড়ুয়া লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন লোহাগাড়ার আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের একই পরিবারের আব্দুস সবুরের ছেলে কামরুল হুদা (৫০), কামরুল হুদার স্ত্রী কানিজ ফাতিমা (৪০), তাদের শিশু কন্যা রুমাইছা (৫) ও রুজা (১), মো. জোনাইদের স্ত্রী হুসনের আরা বেগম (৩৯), তার আড়াই বছর বয়সী ছেলে আমির ও মিনিট্রাকের হেলপার মো. হাসান (১৭)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রামমুখী মিনিট্রাকটি অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে থেকে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।