শিরোনাম

গাজীপুর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার টঙ্গীতে আজ বাসের ধাক্কায় আলমগীর (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮ টার দিকে টঙ্গী চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি গাজীপুরের টঙ্গীতে বড়দেওড়া ৫৩নং ওয়ার্ড এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর ও সাহাবুল। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে আলমগীর ঘটনাস্থলেই নিহত হন এবং সাহাবুল গুরুতর আহত হন। পরে পথচারীরা ঘাতক বাসটিকে আটক করে। আহত সাহাবুলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।