বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলার উদ্বোধন

ছবি : বাসস

খুলনা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার বর্ধিতাংশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক এর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে বর্ধিত অংশের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ট্রেজারার হারুন অর রশীদ, সদস্য এস এ রহমান বাবুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এবং হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম।

হাসপাতালে রোগী সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ট্রাস্টি বোর্ড অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারণ কাজ করা হয়েছে। পাশাপাশি রোগীদের সুবিধার্থে ভবনে লিফট স্থাপনসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ট্রাস্টি বোর্ড আশা প্রকাশ করেন যে, এ সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে বৃহত্তর খুলনা অঞ্চলের চক্ষু রোগীদের উন্নত চিকিৎসা প্রদান আরও সুদৃঢ় হবে।